চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোন্দলের জের ধরে কয়েক দফা সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন পণ্ড হয়ে গেছে। তবে পরে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে বলে নেতারা জানিয়েছেন।
প্রায় দুই দশক পর চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার সকাল ১০টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
মহানগর বিএনপি'র আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে সম্মেলনের কার্যক্রম শেষ না হতেই অতিথিরা সম্মেলনস্থল ত্যাগ করেন।
সংঘর্ষে ঘটনায় কমপক্ষে ৫০ জন নেতাকর্মী কমবেশি আহত হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মহনাগরীর বিভিন্ন থানা সম্মেলন ও কমিটি গঠন নিয়ে কয়েকদিন ধরেই নোমান ও আমীর খসরুর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
সর্বশেষ ১৩ নভেম্বর নগরীর মুসলিম হল ও সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে কোতয়ালি থানা বিএনপি'র পাল্টাপাল্টি সম্মেলন ও কমিটি করা হয়।
সোমবারের সম্মেলন নিয়ে দলাদলির জের ধরে নোমান অনুসারীরা পাল্টা সম্মেলনের জন্য আগে থেকেই পার্শ্ববর্তী লেডিস ক্লাব ভাড়া করে রাখে।
নেতাকর্মীদের সংঘর্ষের মুখে সম্মেলন পণ্ড হয়ে গেলেও এর প্রথম অংশ সফল হয়েছে বলে দাবি করেছেন সম্মেলনে অতিথি হয়ে আসা দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি বরকত উল্লাহ বুলু ও চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তাদের দাবি, সম্মেলনের প্রথম অংশ সফলভাবে সমাপ্ত হয়েছে। পরে কেন্দ্রীয়ভাবে মহানগর কমিটি ঘোষণা করা হবে।
তবে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান দাবি করেছেন, সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউডজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মিন্টু চৌধুরী জানান, সকাল থেকেই আমীর খসরু সমর্থিত বিএনপি'র নেতাকর্মীরা মিলনায়তনে অবস্থান করছিল। সোয়া এগারটার দিকে নোমান ও তার অনুসারী মহানগর নেতাদের নেতৃত্বে একটি মিছিল সম্মেলনস্থলে প্রবেশ করে। এরপরই নোমান ও খসরু সমর্থকদের মধ্যে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষ শুরু হয়।
এ সময় মঞ্চে সম্মেলনের উদ্বোধক সাবেক মন্ত্রী এম মোরশেদ খান, প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম দফায় প্রায় আধাঘণ্টা উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় নোমান সর্মথকরা খসরুর অনুসারীদের মিলনায়তন থেকে বের করে দেয়।
এক পর্যায়ে নোমান সমর্থকরা মঞ্চে উপস্থিত নেতাদের ঘিরে ফেললে পুলিশ তাদের নিরাপত্তা দেয়। দুপুর ১২টার দিকে মোরশেদ খান ও হান্নান শাহ সম্মেলনস্থল ত্যাগ করেন।
দুপুর সাড়ে বারটার দিকে বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গয়েশ্বর রায়, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি বরকত উল্লাহ বুলু সম্মেলনস্থলে হাজির হন।
সম্মেলন পণ্ড হয়ে যাওয়ার পর একটার দিকে নোমান, খসরু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও সৈয়দ ওয়াহিদুল আলমের উপস্থিতিতে গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করেন।
বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাজাহান, মীর নাছির, সৈয়দ ওয়াহিদুল আলম বক্তব্য শেষ করার পর আবদুল্লাহ আল নোমন বক্তব্য শুরু করেন। এ সময় উভয়পক্ষের কর্মীদের মধ্যে আবার সংঘর্ষ বেধে যায়। প্রায় দশ মিনিট এ সংঘর্ষ স্থায়ী হয়।
হই হট্টগোলের মধ্যে কেন্দ্রীয় ও মহানগর নেতারা দুপুর পৌনে দুইটার দিকে সমাবেশ শেষ না করেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ত্যাগ করেন।
সম্মেলনস্থল ত্যাগ করার সময় বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, "চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলনের প্রথম পর্ব আংশিক সফল হয়েছে। পরে কেন্দ্রীয়ভাবে কমিটি ঘোষণা করা হবে।"
সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, বড় দলের সম্মেলনে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটতেই পারে।
এ সময় আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, "আমাদের গঠনতন্ত্র মোতাবেক যে ধরণের সম্মেলন করার কথা তা হয়নি। আন্দোলন সংগ্রামে মাঠে থাকা পরীক্ষিত নেতাদের বাদ দেওয়া হয়েছিল। আমি তাদের আলাদাভাবে বোঝানোর চেষ্টা করেছি। পরিপূর্ণভাবে সফল হইনি। এটা নেতৃত্বের ব্যর্থতা।"
তিনি দাবি করেন, প্রধান অতিথি হান্নান শাহ সম্মেলন স্থগিত ঘোষণা করে সভাস্থল ত্যাগ করেছেন। পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখলেও সম্মেলন করার এখতিয়ার তাদের নেই।
সম্মেলন আংশিক সফল হয়েছে বলে দাবি করেছেন আমীর খসরু।
সম্মেলনস্থল ত্যাগ করার পর চট্টগ্রাম ক্লাব চত্বরে তিনি সাংবাদিকদের বলেন, সকালে শান্তিপূর্ণভাবে সম্মেলন শুরু হওয়ার পর একজন নেতার নেতৃত্বে 'সন্ত্রাসীরা' সম্মেলন স্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তার সঙ্গে অন্য দলের সন্ত্রাসীরাও অংশ নিয়ে সম্মেলন পণ্ড করার চেষ্টা করেছে।
তিনি বলেন, "গতকাল (রোববার) সম্মেলন উপলক্ষে নগরীতে লক্ষাধিক লোকের অংশগ্রহণে শোভাযাত্রা দেখে তারা ভয় পেয়ে আজকের সম্মেলন পণ্ড করার চেষ্টা করেছে।"
সংঘর্ষে আহতদরে অধিকাংশই সংগঠনের আহবায়ক আমীর খসরুর অনুসারী বলে জানা গেছে।
এদের মধ্যে চমেক হাসপাতালে ভর্তি থাকা তিনজন হলেন- মোহাম্মদ আলী, শামীম ও মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী শামসুল আলমের ব্যক্তিগত সহকারী মাসুম।
সম্মেলন পণ্ড হয়ে যাওয়ার পর নোমান সমর্থকরা নগরীর নাসিমন্ ভবনে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে।
রোববার কোতোয়ালী থানা বিএনপি'র এক অংশের সভাপতি এম এ সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তারা দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে প্রথমে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিশনে যাবেন। সেখানে কোন বাধা বিপত্তি এলে তারা লেডিস ক্লাবে গিয়ে পাল্টা সম্মেলন করবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মেলনকে কেন্দ্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন প্লাটুন পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
প্রথম দফা সংঘর্ষের পর আরও তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কেতোয়ালী) হেলাল উদ্দিন।
বিকাল সাড়ে তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটিশন এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।
পুলিশ কর্মকর্তা জানান, সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএসবি/১৭০৬ ঘ.
bdnews24