২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

মুদ্রা পাচারের মামলায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মুদ্রা পাচারের মামলায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন। এ দিনই মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে বিশেষ জজ আদালতে বদলি করা হয়। বৃহস্পতিবার এ মামলায় কোকোর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন। গ্যাটকোসহ কয়েকটি দুর্নীতির মামলার আসামি কোকো চিকিৎসার জন্য নির্বাহী আদেশে মুক্তি নিয়ে বর্তমানে সপরিবারে দেশের বাইরে রয়েছেন। গত বুধবার তার মুক্তির মেয়াদ আরো একমাস বাড়ানো হয়। রোববার এ মামলার আরেক আসামি সাবেক নৌমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। দুদকের দায়ের করা ওই মামলায় কোকোর বিরুদ্ধে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার এবং ৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়, সিঙ্গাপুরের ব্যাংকে কোকোর হিসাবে বাংলাদেশের কয়েকটি অবকাঠামো প্রকল্পের কাজ পাওয়ার জন্য বিদেশি কোম্পানির ঘুষের টাকা জমা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় কোকোকে সর্বোচ্চ সাত বছর কারাভোগ করতে হবে। এতে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে ২৩ জনকে। দুর্নীতি দমন কমিশন গত ১৭ মার্চ কাফরুল থানায় কোকোর বিরুদ্ধে এ মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসএইচ/১৮১১ ঘ.