২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ আন্দোলন মেরুদণ্ডহীন জাতীয় নেতৃত্বের বিরুদ্ধে: আনু মুহাম্মদ

তেল গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা আপনা আপনি অর্জিত হয় না। এ জন্য দরকার যথাযথ প্রস্তুতি, কার্যকর পরিকল্পনা এবং ধারাবাহিক প্রয়াস। হীনম্মন্যতা দিয়ে এটা অর্জন করা যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা আপনা আপনি অর্জিত হয় না। এ জন্য দরকার যথাযথ প্রস্তুতি, কার্যকর পরিকল্পনা এবং ধারাবাহিক প্রয়াস। হীনম্মন্যতা দিয়ে এটা অর্জন করা যায় না। শনিবার 'জাতীয় সম্পদ রক্ষা সংস্কৃতি মঞ্চের' উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ এ কথা বলেন। তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ আরো বলেন, "আমাদের এ আন্দোলন মেরুদণ্ডহীন জাতীয় নেতৃত্বের কবল থেকে দেশকে রক্ষার আন্দোলন। 'আমরা পারি না, পারবো না' এ ধরণের হীনম্মন্যতাবোধ দূর করার আন্দোলন।" অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "বাংলাদেশের স্থলভাগের চেয়েও বড় আয়তনের এলাকা সমুদ্রে রয়েছে। যেখানে তেল, গ্যাস, মৎস্য সম্পদসহ অজানা অনেক সম্পদ রয়েছে। ভারত ও মায়ানমার এ সব সম্পদ লুটে নিতে চায়। আর যুক্তরাষ্ট্র সামরিক দখলদারিত্ব প্রতিষ্ঠা করে এখানে স্থায়ী উপনিবেশ কায়েম করতে চায়। মেরুদণ্ডহীন দেশীয় শাসক গোষ্ঠী তাদের এ লুণ্ঠনে ভাগ বসিয়েই সন্তুষ্ট।" অধ্যাপক পিয়াস করিম বলেন, "উন্নত বিশ্ব আমাদের নানারকম সাহায্য দেয়। এগুলো করার মাধ্যমে তারা এখানকার লুণ্ঠনকার্যকে নিষ্কণ্টক করতে চায়। এ ফাঁদে পা দিয়ে আমাদের শাসকগোষ্ঠী নিজেদের মাথা বিক্রি করে দিয়েছে।" সংস্কৃতিকর্মী কামরুদ্দিন আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হায়দার আকবর খান রনো বক্তব্য দেন । সভা শেষে 'সাম্রাজ্যবাদবিরোধী' পথনাটক, নাচ, গান ও ছবি পরিবেশন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩১৭ঘ.