রাজবাড়ী, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর পাংশা উপজেলার একটি বাজারে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে।
উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম বাজারে হানা দিয়ে ডাকাতরা ১১টি দোকান থেকে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মাল লুটে নিয়ে যায়।
হাটবনগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি সাংবাদিকদের জানান, রাত প্রায় ১২টার দিকে ২০-২৫ জনের একদল মুখোশধারী ডাকাত আট নৈশপ্রহরীকে বাজারের একটি ঘরে হাত-পা বেঁধে আটকে রাখে।
ডাকাতরা প্রায় আড়াই ঘণ্টা ধরে জুয়েলারি, বীমা প্রতিষ্ঠানের কার্যালয়সহ ১১টি দোকানে লুটপাট চালায়।
শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাংশা থানার ওসি ফজলুর রহমান জানান, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৫ ঘ.
bdnews24