ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরুর হাট নিয়ে শনিবার ঢাকার কেরানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ বাঁধে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। সংঘর্ষের কারণে ঢাকা-মাওয়া সড়কে চার ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এবং মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার খাসকান্দি গ্রামের লোকদের সঙ্গে দুপুরে ওই সংঘাত বাঁধে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রাজেন্দ্রপুরের পাইনার চর বাজার এবং খাসকান্দির হাজি বাড়িতে একই দিনে গরুর হাট বসে। হাজিপুরের ব্যবসায়ীরা পাইনার চরের ব্যবসায়ীদের হাটের দিন পরিবর্তন করতে বললে দুই পক্ষের সংঘাত বেঁধে যায়। এক পর্যায়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা বলছেন, সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫০ জন আহত হয়।
পুলিশ কর্মকর্তা কবির বলেন, সংঘর্ষস্থল থেকে নূরুন্নবী এলাহী ও ইব্রাহিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে ছয় রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল পাওয়া গেছে।"
সংঘর্ষের কারণে ঢাকা-মাওয়া সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় রাস্তার উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়।
তবে বিকাল ৪টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক বলে কবির জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24