২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণখানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রাজধানীর দক্ষিণখান থানার কাওলা এলাকায় পানিতে ডুবে দু'শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখান থানার কাওলা এলাকায় পানিতে ডুবে দু'শিশুর মৃত্যু হয়েছে। তারা হচ্ছে- শিল্পী (৭) ও মরিয়ম (৪)। মরিয়মের বাবার নাম মাহমুদুল হক। শিল্পীর বাবার নাম আব্দুর রহমান। তারা একই এলাকায় পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতো। শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ডোবায় শাপলা ফুল তুলতে গিয়ে তারা ডুবে মারা গেছে। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে কাওলা এলাকার একটি ডোবা থেকে শিল্পী ও মরিয়মের লাশ উদ্ধার করা হয়। দরিদ্র পরিবারের এ দুই শিশু বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়। এরপর রাতেও তারা বাসায় না ফিরলে অনেক খোঁজাখুঁজির পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিল্পীর বাবা। তিনি বলেন, শুক্রবার ভোররাতে ওদের বাবা-মা ডোবায় লাশ দুটি খুঁজে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এসএইচ/২২৩৮ ঘ.