গোপালগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায় যাতে কার্যকর না হয় সে জন্য ষড়যন্ত্রকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী মো. ফারুক খান।
তিনি বলেন, "ষড়যন্ত্রের ব্যাপারে সরকার দেশবাসীকে সঙ্গে নিয়ে সজাগ রয়েছে। এ ধরনের যে কোনো অপচেষ্টা প্রতিহত করে বাঙালির বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে।"
শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর কলেজের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন।
নতুন বেতন কাঠামোর কারণে দ্রব্যমূল্য বাড়বে না বলে দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, চিনি ও ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রচুর পরিমাণে আমদানি করে মজুদ গড়ে তোলা হয়েছে। নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা জঙ্গি, সন্ত্রাস ও কূপমণ্ডুকতার কথা বলে তাদের বিপথগামী করতে পারে। কূপমণ্ডুকতা থেকে বেরিয়ে এসে আধুনিক মানুষ হওয়ার আহ্বান জানান তিনি।
কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান রবিউল আলম সিকদার।
মন্ত্রী বিকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭৩৯ ঘ.
bdnews24