২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাসচাপায় নিহত ৩, সড়ক অবরোধ

বাসচাপায় তিনজন নিহত হওয়ার পর শুক্রবার মানিকগঞ্জের সাটুরিয়াবাসী আড়াই ঘণ্টা ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 09:21 AM

Updated : 07 Jul 2022, 06:41 PM

মানিকগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় তিনজন নিহত হওয়ার পর শুক্রবার মানিকগঞ্জের সাটুরিয়াবাসী আড়াই ঘণ্টা ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে রাখে।

গোলড়া বাসস্ট্যান্ডে সকাল ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে সাটুরিয়া থানার ওসি মাজহারুল হক জানান।

নিহতরা হলেন- উপজেলার বাহির কামতা গ্রামের ফুলু দেওয়ান (৪৫), শুকুর আলী (৪০) এবং ইউসুফ আলী (৩২)।

ওসি মাজহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোলড়া বাসস্ট্যান্ডে একটি দোকানের ওপর উঠে যায়। এতে পথচারী ফুলু এবং দোকানে থাকা শুকুর ও ইউসুফ ঘটনাস্থলেই মারা যান।"

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করে। তারা ওই স্থানে গতিরোধক স্থাপনের দাবি জানায়।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে সকাল সাড়ে ১১টার দিকে জনতা অবরোধ তুলে নেয় বলে ওসি জানান।

তবে আড়াই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় সরকারি ছুটির দিনের সকালে সড়কের উভয় পাশে ব্যাপক যানজট দেখা দেয়।

দুর্ঘটনায় আরো ২০ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ বাসটি আটক করেছে। তবে এর চালক পলাতক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫০০ ঘ.