২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে ধামরাইতে সেনা সদস্য আটক

পুলিশের পোশাক পরে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাইতে এক সেনা সদস্যকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 07:53 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের পোশাক পরে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাইতে এক সেনা সদস্যকে আটক করা হয়। পরে ধামরাই থানা পুলিশ তাকে সাভার ক্যান্টনমেন্টে হস্তান্তর করে। মো. মশিউর নামে সেনাবাহিনীর ওই সৈনিক সাভার ক্যান্টনমেন্টে (৯ বেঙ্গল রেজিমেন্ট) কর্মরত বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন। তিনি বলেছেন, ছুটিতে সেনানিবাসের বাইরে এসে প্রতারণার কাজে জড়িয়ে পড়েন মশিউর। ওসি বলেন, বৃহস্পতিবার ইসলামী ব্যাংক সাভার শাখা থেকে মাওলানা তমিজউদ্দীন নামে একজন ৮০ হাজার টাকা তোলেন। তমিজউদ্দীনকে অনুসরণ করে সন্ধ্যার দিকে তার বাড়িতে গিয়ে হাজির হন সৈনিক মশিউর। নিজেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়ে টাকার ব্যাগে জাল টাকা আছে বলে মাওলানা তমিজউদ্দীনকে ভড়কে দেন মশিউর। তবে তার কথায় সন্দিগ্ধ হয়ে তমিজউদ্দীন ধামরাই পুলিশকে খবর দেন। পরে ঢাকা মহানগর পুলিশের পোশাক ও ইন্সপেক্টর পদের র‌্যাংক পরিহিত অবস্থায় ধামরাই পুলিশ মশিউরকে আটক করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে তাকে সাভার ক্যান্টনমেন্টে হস্তান্তর করা হয়। ওসি জানান, সৈনিকটি রাজারবাগ পুলিশ লাইনের ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে তার আসল পরিচয় বেরিয়ে আসে। এ বিষয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০৩০ঘ.