গাজীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার বিক্ষোভ করেছে।
কেএসি ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকদের এ বিক্ষোভের সময় কর্মরত আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।
এতে ২ আনসার সদস্যসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহত আনসার সদস্য আরিফ হোসেন ও শহিদুল ইসলামকে সফিপুর আনসার ক্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর জেলা আনসার অ্যাডজুটেন্ট নূরুল হাসান ফরিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার শ্রমিকদের অক্টোবর মাসের বেতন দেওয়ার নির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। শ্রমিকরা সারা দিন অপেক্ষার পর কারখানা কর্তৃপক্ষ বিকেল সাড়ে পাঁচটার দিকে আগামী রোববার বেতন দেওয়ার ঘোষণা দেয়। এতে কিছু শ্রমিক বিক্ষুব্ধ হয়ে উঠে। উত্তেজিত শ্রমিকরা কারখানা থেকে বের হতে চাইলে ফটকে দায়িত্বরত আনসার সদস্যরা তাদের বাধা দেয়।
এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় আনসার সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে কারখানার দরজা-জানালার কাঁচ লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, পরিস্থিতি মোকাবেলায় কারখানাটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৩৫ ঘ.
bdnews24