২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর মামলায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

পিলখানার ঘটনায় জড়িত সন্দেহে আটক বিডিআর সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনায় জড়িত সন্দেহে আটক বিডিআর সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার প্রকাশিত 'লুকিং ফর জাস্টিস: মিউটিনিয়ার্স অন ট্রায়াল ইন বাংলাদেশ' শীর্ষক এক রিপোর্টে অ্যামনেস্টি এ আহ্বান জানায়। এতে আটক সন্দেহভাজন বিডিআর জওয়ানদের পরিবারের সদস্যদের সাক্ষ্য উদ্ধৃত করে বলা হয়, ওই বিদ্রোহের ঘটনায় সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগে সম্ভবত শত শত বিডিআর সদস্য নির্যাতনের শিকার হন। তাদের প্রায় সবাইকে সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস আইনজীবী নিয়োগ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। অ্যামনেস্টি'র এই প্রতিবেদনে বিডিআর বিদ্রোহের সময় বেআইনি হত্যাকাণ্ড, জিম্মি করে রাখা ও অন্যান্য মানবাধিকার লংঘনের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায়বিচারের মানদণ্ড অনুযায়ী বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ বিষয়ে মানবাধিকার সংস্থাটির গবেষক আব্বাস ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায়বিচারের মানদণ্ড অনুযায়ী এসব সন্দেহভাজন অভিযুক্তদের বিচার নিশ্চিত করে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলোর প্রতি তার অঙ্গীকার প্রদর্শনের এই সুযোগটি নিতে পারে। ইতোপূর্বে বাংলাদেশ এসব চুক্তি অনুমোদন করেছে। তিনি বলেন, এসব চুক্তি এবং নিজ দেশের আইনের আওতায় বিডিআরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিতে বাংলাদেশ সরকার দায়বদ্ধ। বিডিআর বিদ্রোহের ঘটনা ছিল নৃশংস এবং এতে বেসামরিক নাগরিক ও সেনা কর্মকর্তারা নিহত হন। এটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ উপায়ে ওইসব অপরাধে জড়িতদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রিপোর্টে বিডিআর বিদ্রোহ পরবর্তী ঘটনাবলী তুলে ধরা হয়। এতে বলা হয়, বিদ্রোহের পর হাজার হাজার বিডিআর সদস্যকে ব্যারাকে আটকে রেখে বাইরের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। এসব জওয়ানদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করা শুরুর পরপরই তাদের কাছ থেকে অভিযোগ আসে যে বিদ্রোহের ঘটনায় জড়িত সন্দেহে সম্ভবত শত শত বিডিআর সদস্য নির্যাতনসহ মানবাধিকার লংঘনের শিকার হন। 'লুকিং ফর জাস্টিস' প্রতিবেদনে নির্যাতনের প্রকৃতি তুলে ধরে বলা হয়, এমনও অভিযোগ আছে যে এই সন্দেজভাজনদের কয়েকদিন পর্যন্ত ঘুমাতে দেয়া হয়নি। প্রহার, নখের নিচে সুই ফুটিয়ে ও ইলেকট্রিক শক দিয়ে তাদের উপর নির্যাতন চালানো হয়। আব্বাস ফায়েজ বলেন, "নির্যাতনের যেসব খবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পেয়েছে তার সঙ্গে বাংলাদেশে আটকাবস্থায় এর আগের নির্যাতনের ঘটনার মিল রয়েছে। নির্যাতনের অভিযোগ অস্বীকার করাটাই কর্তৃপক্ষের জন্য যথেষ্ট নয়। এ ইস্যুতে আরো বেশী জবাবদিহিতা প্রয়োজন।" এ সম্পর্কে রিপোর্টে উল্লেখ করা হয়, শুধুমাত্র এ বছরের ৯ মার্চ থেকে ৬ মে পর্যন্ত সময়ে হেফাজতে থাকা অবস্থায় অন্তত ২০ বিডিআর সদস্যের মৃত্যু হয়। এদের মধ্যে চার জন আত্মহত্যা, সাত জন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং নয় জন অন্যান্য রোগে মারা যায় বলে বিডিআর সূত্র দাবি করেছে। ২০০৯ সালের ১০ অক্টোবর নাগাদ হেফাজতে বিডিআর সদস্যের মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৪৮। আব্বাস ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিচারের এখতিয়ার সেনাবাহিনীর কোর্ট মার্শালের নেই। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের ব্যাখ্যাকে স্বাগত জানাচ্ছে অ্যামনেস্টি। সরকারকে অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ ঘটনার বিচারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। কারণ, বিচার সম্পন্ন করার জন্য এ ধরনের ট্রাইব্যুনাল সময়সীমা বেঁধে দেয়ায় ন্যায়বিচার ব্যাহত হতে পারে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। সারা দেশব্যাপী তোলপাড় জাগানো ওই ঘটনায় ৩ হাজার ৭৯২ জন বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এইচএ/২১৩০ ঘ.