ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগে আকৃষ্ট করতে আগামী মাস থেকে আন্তর্জাতিকভাবে রোড শো করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের 'পাওয়ার বাংলাদেশ-২০০৯ আন্তর্জাতিক এক্সপো' নামের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তৌফিক-ই-ইলাহী বলেন, "বিদ্যুৎখাতের উন্নয়নে আমরা ইতিমধ্যে কতগুলো প্রকল্প হাতে নিয়েছি। এ জন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এর মধ্যে কতগুলো প্রকল্প আমরা পিপিপি'র (সরকারি- বেসরকারি অংশীদারিত্ব) ভিত্তিতে করার উদ্যোগ নিয়েছি।"
আন্তর্জাতিকভাবে রোডশো করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, "লন্ডন থেকে নিউ ইয়র্ক হয়ে সিঙ্গাপুরে ওই রোড শো হওয়ার কথা রয়েছে।"
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বাংলা ট্র্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এ মুইয, সেমস গ্লোবাল-এর সভাপতি মেহেরুন এন. ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভুটানের কাছ থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে এনামুল হক বলেন, "চূড়ান্ত আলোচনা হয়নি। প্রাথমিকভাবে কিছু কথা হয়েছে।"
সেমস কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড আয়োজিত এ মেলা ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে।
মেলায় ১৫টির বেশি দেশ অংশ নিচ্ছে। এতে বিদ্যুৎ ও জ্বালানিখাতে সর্বাধুনিক আবিষ্কার ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এসএইচ/১৯০৭ ঘ.
bdnews24