২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আট দফা দাবিতে সাভারের জামগড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

সাভার, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট দফা দাবিতে সাভারের জামগড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেছেন। সাদাপিয়া সোয়েটার্স লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকরা সাংবাদিকদের জানান, সোয়েটারপ্রতি মজুরি ২৮ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার জন্য তারা বুধবার কর্তৃপক্ষের কাছে দাবি জানান। কিন্তু তাদের দাবি মানা হয়নি। এর প্রতিবাদ জানান কয়েকজন শ্রমিক। তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন আট শ্রমিককে বরখাস্ত করা হবে। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা কর্তৃপক্ষের কাছে আট দফা দাবি তোলেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা জামগড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার ছুটি ঘোষণা এবং শনিবার দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা শান্তি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা রয়েছে বলে জানান এসআই ফরিদ। শনিবারের মধ্যে দাবি না মেনে নিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন শ্রমিকরা। তাদের দাবির মধ্যে আছে- বোনাস ও চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত বেতন ঈদের আগেই পরিশোধ, বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিদিন ৩শ' টাকা হাজিরা, শুক্রবার সাপ্তাহিক ছুটি, কাজ না থাকলেও মূল বেতন, চাকুরিচ্যুত শ্রমিকদের কাজে পুনর্বহাল, বিনা অপরাধে শ্রমিক ছাঁটাই না করা, উৎপাদন ব্যবস্থাপক ও কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কার এবং কোন শ্রমিককে ছাঁটাই করা হলে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭০০ ঘ.