চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় এক সেনা কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
মেজর জেনারেল এনামুর রহমান চৌধুরীকে সকাল ১১টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তা চলে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্ত্র খালাস পরবর্তী সময়ে গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন পক্ষপাতদুষ্ট বা সরকারের ওপর মহলের কোনো চাপ ছিল, সে বিষয়ে এনামুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।"
প্রয়োজনে এনামকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি কর্মকর্তা মুসলিম জানান।
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট সরকারের আমলে অস্ত্র আটকের ঘটনা খতিয়ে দেখতে সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির সদস্য ছিলেন এনাম।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি দল নগরীর দামপাড়ার সিআইডি কার্যালয়ে এনামকে জিজ্ঞাসাবাদ করেন।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র চালান আটকের সময়ে এনাম ব্রিগেডিয়ার জেনারেল পদ মর্যাদায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই'র পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ওই কমিটির সদস্য এনএসআই'র সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী বর্তমানে কারাগারে আছেন। কমিটির অপর তিন সদস্য সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক, সাবেক ডিআইজি (সিআইডি) ফররুখ আহমদ, সাবেক ডিআইজি (বিশেষ শাখা) শামসুল ইসলামকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬৪৪ ঘ.
bdnews24