২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের কাছে ঢাবি সাদা দল শিক্ষকদের নানা দাবি

২৩টি বিভাগের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ ও হলে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি জানিয়েছেন সাদা দলভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 08:07 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৩টি বিভাগের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ ও হলে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি জানিয়েছেন সাদা দলভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা। মঙ্গলবার উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে আলাদাভাবে দেখা করে সাদা দলের নেতারা এসব দাবি জানান। সাদা দলের আহবায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিনের নেতৃত্বে একদল শিক্ষক প্রথমে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং পরে উপ উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সঙ্গে দেখা করেন। উপ উপাচার্যের কার্যালয় থেকে বেরিয়ে অধ্যাপক ড. সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারুকলার ডিন অধ্যাপক মোঃ রফিকুন নবীর জুলাই মাসে এলপিআরে চলে যাওয়ার কথা। অথচ তিনি স্বপদে বহাল তবিয়তে রয়েছেন। এটা ৭৩'র অধ্যাদেশের লংঘন। এছাড়া বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে ভয়াবহ আকারে স্থবিরতা বিরাজ করছে।" "এ সব ব্যাপারে আমরা উপাচার্য ও প্রো-উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছি।" সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ডিন নির্বাচনের আগে এ দুই অনুষদের সব ধরণের নিয়োগ বন্ধ রাখার দাবি জানান তিনি। চারুকলা অনুষদের ডিন নির্বাচনের সময়সূচিও ঘোষণা করতে বলেন সাদা দলের আহ্বায়ক। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মনোবিজ্ঞানের শিক্ষক কামাল উদ্দিন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক আফজাল হোসেন ও বিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার অজয় কুমার রায়ের বিচার দাবি করেছি।" এসব দাবি প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাদা দলের শিক্ষকরা বিশ^বিদ্যালয় পরিবারেরই অংশ। তাদের এই সাক্ষাতও রুটিন কার্যক্রমের অংশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিচালনা বডিতে সাদা দলের শিক্ষকরাও রয়েছেন। সেসব বডিতেই এ সকল ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৬ঘ.