২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মশালা: সন্ত্রাসবাদ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা চাই

সন্ত্রাসবাদ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে শেষ হলো তিনদিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 08:06 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে শেষ হলো তিনদিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালা। পুলিশ অফিসার ও আইনজীবীদের জন্যে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবেলার কৌশল বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার ঢাকায় হোটেল সোনারগাঁয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, "বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ সন্ত্রাসবাদের কারণে বিপদের মধ্যে রয়েছে। সন্ত্রাস সার্ক দেশগুলোর স্থিতিশীলতাকে নষ্ট করছে যা আঞ্চলিক সম্পর্ককে হুমকির সম্মুখীন করে তুলছে।" কর্মশালায় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও আইনজীবীসহ ৮টি দেশের ১৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়া ও ডেনমার্ক সরকারের সহায়তায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘের কাউন্টার টেররিজম এক্সিকিউটিভ ডাইরেক্টরেট (ইউএন সিটিইডি) এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইআই) কর্মশালাটির আয়োজন করে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদ বলেন, "জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ঠেকাতে কার্যকর কাউন্টার টেররিজমের বিকল্প নেই। বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে সন্ত্রাসবাদ ঠেকাতে কাজ করে যাচ্ছে।" ইউএনসিটিইডি নির্বাহী পরিচালক মাইক স্মিথ বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় পুলিশ ও আইনজীবীদের মধ্যকার সম্পর্ক জোরদার, বাস্তবতার আলোকে কর্মকৌশল নির্ধারণ, সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে মানবাধিকার ইত্যাদি ছিল কর্মশালাটির বিষয়বস্তু।" তিনি বলেন, "সার্কভুক্ত প্রায় সবগুলো দেশ সন্ত্রাসবাদ সমস্যায় ভুগছে। এসব সমস্যা মোকাবেলা করতে হলে নিজেদের সক্ষমতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। এই কর্মশালার মাধ্যমে সেই প্রক্রিয়াটি শুরু করা হলো।" বিইআই সভাপতি ফারুক সোবহান বলেন, " কর্মশালাটির মাধ্যমে এই অঞ্চলে সন্ত্রাসবাদ মোকাবেলায় একটি প্ল্যাটফর্মের সূচনা করা হলো। পরবর্তী সময়ে সার্কভুক্ত অন্য দেশগুলোতেও এরকম কর্মশালার আয়োজন হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৫ঘ.