চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার রাউজান উপজেলা বিএনপি'র সম্মেলন হয়নি।
বিএনপি বলেছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও বাধার মুখে সম্মেলন বাতিল করতে হয়েছে।
কথিত সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের বহনকারী ৭টি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৯ নেতাকর্মী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সম্মেলনে অংশ নিতে চট্টগ্রাম থেকে রাউজান যাবার পথে ছত্তার ঘাটে সন্ত্রাসীরা কয়েকজন নেতার গাড়িকে বাধা দিলে তারা শহরে ফিরে যান বলে জানানো হয়েছে।
সম্মেলনে বাধা দেওয়া ও তা পণ্ড করার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 'সন্ত্রাসীদের' দায়ী করেছেন উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি এ ঘটনার জন্য সরকার দলীয় স্থানীয় ক্যাডারদের দায়ী করে। বুধবার সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল দশটায় গহিরার সেলিমা কাদের চৌধুরী কমিউনিটি সেন্টারে ওই সম্মেলনের আয়োজন করা হয়। একই সময়ে কাছাকাছি স্থানীয় ছাত্রলীগ সাংসদ ফজলে নুর তাপসের ওপর বোমা হামলার প্রতিবাদে সমাবেশ আহবান করে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তারা সম্মেলনস্থল বদল করে গিয়াসউদ্দিন কাদেরের বাড়িতে স্থানান্তর করেন।
রাউজান উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ডা. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাধার মুখে শেষ পর্যন্ত বিকালে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।
তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল মণ্ডল কোথাও কোন হামলা বা বাধা দেওয়ার ঘটনা ঘটেনি দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছে সুর্নিদিষ্ট কোন অভিযোগও আসেনি।
গিয়াস কাদের চৌধুরী পুলিশের এ বক্তব্য নাকচ করে দিয়ে বলেছেন, তিনি সন্ত্রাসীদের ঘেরাওয়ের কারণে বাড়িতে একরকম অন্তরীণ ছিলেন।
এর আগে গিয়াস কাদের চৌধুরী রোববার তার গহিরার বাড়িতে হামলার অভিযোগ করে বলেছিলেন ছাত্রলীগের কর্মীরা সম্মেলন বানচালের উদ্দেশ্যে তা করেছে। তিনি হামলার অভিযোগ এনে ২৮ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে একটি মামলাও দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24