২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পলাতক আনসার সদস্য গ্রেপ্তার

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

খুলনা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর) - আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, চরমপন্থী দলের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সাধারণ ক্ষমার আওতায় আত্মসমর্পণ করা আকতারুজ্জামান ওরফে জুনুকে খুলনার তেরোখাদা উপজেলার আনন্দনগর গ্রাম থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। আকতার কর্মস্থল থেকে পালিয়ে আবার চরমপন্থী একটি দলে যোগ দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন, তেরোখাদা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তবে তিনি দলটির নাম জানাননি। এসআই জানান, আকতারের কাছ থেকে দুটি রামদা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ১৯৯৯ সালে খুলনা জেলায় ৫৯৬ জন চরমপন্থী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিলেন। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদের অনেককেই আনসার বাহিনীতে চাকরি দেওয়া হয়। এদের মধ্যে ৮৯ জন কর্মস্থল থেকে পালিয়ে যান। আকতার তাদের মধ্যে একজন। এসআই মিজান জানান, পাঁচদিন হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার আবেদন শুনবে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৫ ঘ.