ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে 'অনুপ্রবেশের' অভিযোগে মঙ্গলবার দুপুরে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই)'র একজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।
পরে ছেড়ে দেওয়া হলেও কড়া নিরাপত্তা এড়িয়ে ডিজিএফআই কর্মকর্তার বিনা অনুমতিতে প্রবেশের করার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
তবে ডিজিএফআই এর একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে টেলিফোনে বলেন, অনুপ্রবেশ নয়, তাদের ওই কর্মী অনুমতি নিয়েই মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন।
এ ঘটনার পর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর ২টার দিকে ডিজিএফআই'র এসএসআই (উপ-পরিদর্শক) মো. এনায়েত (পরিচয়পত্র নম্বর-০২০০৬১৯) তাদের চোখ এড়িয়ে ভেতরে ঢুকে পড়েন। ভেতরে গতিবিধি নিয়ে সন্দেহ হলে কয়েকজন কর্মকর্তা তার পরিচয় নিয়ে নানা প্রশ্ন করলে একপর্যায়ে এনায়েত বলেন, তাপসের মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ভেতরে ঢুকেছেন তিনি।
মহানগর গোয়েন্দা পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, "এভাবে হুট করে গোয়েন্দা কার্যালয়ে একজন 'সামরিক গোয়েন্দার' ঢুকে পড়াটা ঠিক বিধিসম্মত হয়নি। তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারতেন। ডিজিএফআই'র উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তো আমাদের মাঝে মধ্যেই যোগাযোগ-কথা হচ্ছে।"
তিনি জানান, গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ চুরি যাওয়া গাড়ির যন্ত্রাংশ উদ্ধারের পর মালিকরা তাদের গাড়ির যন্ত্রাংশগুলো সনাক্ত করতে আসছিলেন। এ সুযোগে ওই কর্মকর্তা ভেতরে ঢুকে পড়েছেন বলে তার ধারণা।
সাধারণত গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বাইরের কাউকে ঢুকতে হলে ফটকে রক্ষিত খাতায় নাম নিবন্ধন করতে হয়। কাক্সিক্ষত ব্যক্তির সম্মতি নিয়ে ভেতরে ঢুকতে হয়।
এ ঘটনার পর ফটকের দায়িত্বে সহকারি উপ-পরিদর্শক পদের কর্মকর্তাদের সরিয়ে উপ-পরিদর্শক পদের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/এসকে/০০৩৩ঘ.
bdnews24