২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

বাগেরহাট, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- পিরোজপুর পৌর এলাকার রাজারহাটের আশিক খাঁ ওরফে হৃদয় (১৬), পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া গ্রামের মো. সালাহউদ্দিন সরদার (৩০) এবং একই গ্রামের শিপন সরদার (৩০)। মঙ্গলবার দুপুরে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট'র (এসপি) কার্যালয়ে এই তিনজনকে সাংবাদিকদের মুখোমুখি করা হয়। পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া গ্রামের ভাড়ার মোটরসাইকেলচালক আব্বাস শেখ ওরফে টারজান (৩০) হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। ২৮ অক্টোবর সকালে মোল্লাহাট থানা পুলিশ উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘাটবিলা গ্রামের বরকত শেখের চিংড়ি ঘের থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করে। পরদিন সংবাদপত্রে প্রকাশিত ছবি দেখে আব্বাসকে সনাক্ত করে তার পরিবারের সদস্যরা। ওই দিন পিরোজপুর থানায় মোটরসাইকেল মালিক হানিফ শিকদার এবং আব্বাসের স্ত্রী রেশমা আক্তার পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসপি মীজানুর রহমান জানান, আশিককে ৫৪ ধারায় গ্রেপ্তারের পর ৯ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতে নেয় মোল্লাহাট থানা পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে পিরোজপুর থেকে গ্রেপ্তার করা হয় বাকি দুজনকে। এদের মধ্যে সালাহউদ্দিন ও শিপন ২০০৭ সালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) মুক্তা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তারা বর্তমানে ওই মামলায় জামিনে রয়েছেন। পুুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, বিরোধের জের ধরে শিপন ও সালাহউদ্দিন ২৭ অক্টোবর আব্বাসের মোটরসাইকেলে মোল্লাহাট এসে তাকে হত্যা করেন। পরে লাশ ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিযে যান। পুলিশ জানিয়েছে, এরা সবাই পেশাদার ছিনতাইকারী ও খুনী। মামলার তদন্ত কর্মকর্তা মোল্লাহাট থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে। সালাহউদ্দিন ও শিপনকে জিজ্ঞাসাবাদ শেষ হলে সম্পূর্ণ ঘটনাটি পরিস্কার হয়ে যাবে। বুধবার তাদের আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার অনুমতি চাইবে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৮ ঘ.