লালমনিরহাট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে বিএনপি, শ্রমিকদল, জামায়াত কার্যালয়সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ রোববার রাতে ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- গৌতম (২২), আব্দুল আলিম (২২), আপেল রহমান (২১), আনিসুর (২০), মোস্তফা (২৪), মানিক চন্দ্র (১৬), রাসেল (২২), দিপু (২০), মোস্তাফিজুর (২৪), তোফায়েল (২০), আব্দুর রহিম (৩৫), আতিকুর রহমান প্রিন্স (২৭), শান্ত (২৭) ও শহিদুল (২৫)।
সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে হামলার প্রতিবাদে সোমবার বিকাল সাড়ে ৩টায় বড়বাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি এক সংবাদ সম্মেলন করে।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জেলা আহবায়ক আসাদুল হাবীব দুলু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সদস্যরা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগের মতো নারকীয় ঘটনা ঘটিয়েছে।
বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি করার জন্য পুলিশ প্রশাসনকে অভিযুক্ত করেন।
এ ব্যাপারে পুলিশ সুপারিনটেনডেন্ট মো. ইসরাইল হাওলাদার বলেন, কেউ যদি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে তাহলে কি আর করার আছে।
আর কোনো সহিংস ঘটনা যাতে ঘটতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সদর থানার ওসি এএসএম ফয়জুর রহমান বলেন, মোটারসাইকেল পোড়ানোর অভিযোগে সান ফ্লাওয়ার ইন্স্যুরেন্স কোম্পানির লালমনিরহাট উপজেলা ইনচার্জ আল গাজী রহমান অজ্ঞাত ৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
এদিকে বিকালে জেলা ছাত্রলীগ সভাপতি খালেক বাবু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এক বিবৃতিতে রোববারের ঘটনার সঙ্গে ছাত্রলীগের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, কয়েকটি পত্রিকায় ছাত্রলীগকে ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে, যা দু:খজনক।
রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরে কয়েক দফায় জেলা বিএনপি, শ্রমিকদল, জামায়াত ও শিবিরের কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতেও ভাংচুর ও লুটপাট চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলও পোড়ানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24