রাজশাহী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে রাজশাহীতে একজন সাংবাদিকসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বাকিরা নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সোমবার রাজশাহীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলার বাগমারা উপজেলার উত্তর সাজুড়িয়া গ্রামের আব্দুল জালাল।
হাকিম মরিয়ম মুন মঞ্জুরী মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য বাগমারা থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, বাগমারার কয়রা গ্রামের জাহাঙ্গীর, মরুগ্রামের সাইদুর, হাফিজ, ফকির ও আমিন, ঝিকরার কলিমুদ্দিন, আব্দুর রাজ্জাক, দবির উদ্দিন, বাবলু, আইনুল, মাহবুবুর, রকেট, মঞ্জু, বেলাল, কাশেম, সাইদুর, রাজ্জাক, জাহিদুল, আমির, শহীদুল-১, মোবারক, আমিরুল, আবেদ আলী, এম জলিল, শহীদুল-২, মোকসেদ, শহীদুল-৩ ও ইসমাইল; মাধাইমুড়ির মির্জা, দক্ষিণ মাঝগ্রামের লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান ওরফে কিলার মোস্তাক ও মামুন মুহুরি; বুদুপাড়ার মোফাজ্জল ও আনিসার; সাঁকোয়ার আব্দুস সাত্তার, বিনয় গ্রামের সাঈদ, বারই'র মোকাম, তেগাছি সেনপাড়ার বেলাল, সাকির ও নজরুল; রায় গ্রামের আব্দুল মজিদ, কোদালগাছির কসিমুদ্দিন, ঝাড়গ্রামের এবিএম হেজবুল্লা, সাইদুর রহমান, আব্দুর রহমান ও আফতাব; হাকিমপুরের সাইদুর, সেউচবাড়ির খলিল, ইমাদ, সাইদুর এবং মোজাম্মেল।
বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার বিষয়টি তিনি শুনেছেন। লিখিত নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাদির আইনজীবী মো. শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, মামলায় অভিযোগ করা হয়েছে- ২০০৪ সালের ২৬ এপ্রিল জালাল বাগমারার শিকদারি হাটে মাছ বিক্রি করতে গেলে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় বাড়ি ফেরার পথে তার ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
বাকি টাকা না পাওয়ায় তারা বাদিকে লোহার রড, হকিষ্টিক দিয়ে মারধর করে হামিরকুৎসার রজমান কয়ার বাড়িতে তখনকার জাগ্রত মুসলিম জনতার প্রধান বাংলা ভাইয়ের 'নির্যাতন কেন্দ্রে' নিয়ে যায়।
তাকে রাতভর নির্যাতন করে একটি মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কারাগার থেকে ছাড়া পাওয়ার পরও আসামিরা মামলা না করার জন্য নানাভাবে তাকে হুমকি দেন।
এজাহারে আরও বলা হয়, শীর্ষ জঙ্গি নেতাদের ফাঁসি এবং কেউ কেউ আটক হওয়ায় মামলা করতে দেরি হয়েছে।
আইনজীবী শাহনেওয়াজ জানান, বর্তমান সরকারের আমলে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলাটি এখন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৫ ঘ.
bdnews24