চাঁদপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় শহররক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে বালির বস্তা ফেলা হচ্ছে।
সোমবার দুপুর পর্যন্ত প্রায় নয় হাজার বালির বস্তা ফেলা হয়। আপতত আর ভাঙনের ভয় নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার সকালে বাঁধের প্রায় সাতশ' মিটার অংশ ধসে যায়। এর আগেও মেঘনার ভাঙনে শহরের কিছু বড় অংশ বিলীন হয়ে যায়।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহর সংরক্ষণ প্রকল্পের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯ কোটি ৮০ লাখ টাকার কাজের দরপত্র ডাকার প্রক্রিয়া শেষ হয়েছে।
এর মধ্যে বড়স্টেশন যমুনা পাইলট হাউস সংলগ্ন শহররক্ষা প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত অংশও রয়েছে।
তিনি বলেন, নভেম্বর মাসে বাঁধ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। কিন্তু পানি নামার পর হঠাৎ করে নদীর ঘূর্ণি স্রোতের চাপে ভাঙন দেখা দিয়েছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্ববাধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, "ভাঙন রোধের সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত কোনো ভয় নেই।"
২০০৭ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর শহররক্ষা প্রকল্পের এই অংশসহ বিভিন্ন স্থানে কংক্রিটের ব্লক স্থাপন করা হয়। গত বছর এর কাজ শেষ হয়।
২০০১ সালের ১৯ সেপ্টেম্বরের ভয়াবহ ভাঙনে চাঁদপুরের বড় রেলস্টেশন, মাছঘাট, নৌ-বন্দর ও বরফকলসহ অনেক স্থাপনা মেঘনা-ডাকাতিয়ার মোহনায় বিলীন হয়ে যায়।
বর্তমান ভাঙন স্থান থেকে দুশ' গজ দূরে ওই ভাঙনের ঘটনা ঘটেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24