২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবর মাসে ১৭টি মামলা করেছে দুদক

অক্টোবর মাসে ১৭টি মামলা করেছে নজরদারি সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অক্টোবর মাসে ১৭টি মামলা করেছে নজরদারি সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে সম্পত্তি অর্জন, অর্থ আত্মসাৎ, মানিলন্ডারিং এবং ঘুষ গ্রহণের অভিযোগে এ মামলাগুলো করা হয়। এসব মামলায় মোট ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন সরকারি চাকুরিজীবী, ৮ জন বেসরকারি চাকুরিজীবী, ৪ জন রাজনীতিবিদ, ১ জন ব্যবসায়ী এবং অন্যান্য পেশার ৫ জন রয়েছেন। রোববার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ওই সময়ে অবৈধভাবে সম্পত্তি অর্জন, অর্থ আত্মসাৎ, মানিলন্ডারিং এবং ঘুষ গ্রহণের ৩১টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এতে মোট ১শ' ৩৮ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে সরকারি ও বেসরকারি চাকুরিজীবী ৫৪ জন, জনপ্রতিনিধি ১০ জন, রাজনীতিবিদ ২ জন এবং ব্যবসায়ী ও অন্যান্য পেশার রয়েছে ৭২ জন। এছাড়াও অক্টোবর মাসে ২৪টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এসব মামলায় ৭১ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩২ জন সরকারি ও বেসরকারি চাকুরিজীবী, ৩ জন রাজনীতিবিদ, ১১ জন জনপ্রতিনিধি এবং ৩৫ জন ব্যবসায়ী ও অন্যান্য পেশার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২৩০৭ঘ.