ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রৌমারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে শুক্রবার এক বাংলাদেশী কিশোরী নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে পাঠানো এক প্রতিবাদপত্রে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বিনা উস্কানিতে বিএসএফ'র এধরনের গুলি বর্ষণের ঘটনা ১৯৭৫ সালের বাংলাদেশ-ভারত সীমান্ত নীতিমালার সুস্পষ্ট লংঘন।
কুড়িগ্রামের রৌমারি উপজেলার বন্ধুরচর গ্রামের তিন কিশোরী শুক্রবার বিকেলে ১০৬৬ নম্বর সীমান্ত পিলারের পাশে কাল দেওয়ানী ঘাট এলাকায় জিরো লাইনের কাছে বাংলাদেশের সীমানায় একটি চরে কাশফুল কাটছিল।
ওই সময় ভারতের সাহাপাড়া বিওপির বিএসএফ'র একটি টহল দল বিনা উস্কানিতে তাদের ওপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে কিশোরী মঞ্জুয়ারা (১৩) নিহত হয়। ১০৬৬ নম্বর পিলারের অদূরে বাংলাদেশ সীমানার প্রায় ২৫ গজের মধ্যে তার লাশ পাওয়া যায়। পরে শনিবার এক পতাকা বৈঠকে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সীমান্তে বিএসএফ'র নির্বিচার গুলি বর্ষণ ও হত্যাকাণ্ডের প্রবণতার ব্যাপারে বাংলাদেশ তার উদ্বেগের কথা ভারতকে জানিয়েছে। যার ফলে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে অহেতুক উত্তেজনার সৃষ্টি হচ্ছে। প্রতিবাদপত্রে বলা হয়, এ ধরনের ঘটনা সুপ্রতিবেশীসুলভ এবং দ'ুদেশের মধ্যে বিরাজমান গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনার পরিপন্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৯১৭ ঘ.
bdnews24