২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলার বিলুপ্ত ডক শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু

বাগেরহাটের মংলা বন্দরের বিলুপ্ত ডক শ্রমিক পরিচালনা বোর্ডের এক হাজার ৭৫৮ জন শ্রমিকের বকেয়া পরিশোধ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

বাগেরহাট, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মংলা বন্দরের বিলুপ্ত ডক শ্রমিক পরিচালনা বোর্ডের এক হাজার ৭৫৮ জন শ্রমিকের বকেয়া পরিশোধ শুরু হয়েছে। প্রাথমিকভাবে শ্রমিকদের মোট বকেয়ার ৭৫ শতাংশ পরিশোধ করা হবে। রোববার বিকেলে ২৫ জন শ্রমিককে চেক হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। প্রতিদিন অফিস সময়ে শ্রমিকদের মধ্যে চেক হস্তান্তর করা হবে। ঈদের আগেই শেষ করা হবে চেক হস্তান্তর। ১৯৮৭ সালের ৩১ আগস্ট মংলা বন্দরে ডক শ্রমিক পরিচালনা বোর্ডের কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালের ১ আগস্ট এই বোর্ড বিলুপ্ত করা হয়। মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) এম মাহবুবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরিচ্যুত এক হাজার ৭৫৮ জন শ্রমিকের বকেয়া পরিশোধের জন্য সরকারের কাছে ১৯ কোটি টাকা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রথম দফায় অর্থ মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে ১৪ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকা ঋণ দিয়েছে বন্দর কর্তৃপক্ষকে। তিনি জানান, এই টাকা দিয়ে ডক শ্রমিক পরিচালনা বোর্ডের নিবন্ধিত ১৩ ধরনের এক হাজার ৭৫৮ জন শ্রমিকের বকেয়ার ৭৫ শতাংশ পরিশোধ করা হচ্ছে। মংলা বন্দর জেটিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের সাংসদ সৈয়দা হাবিবুন নাহার, নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৫ ঘ.