ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ার দাবি করে নৌযান শ্রমিকদের পক্ষ থেকে তাদের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম রোববার রাত দশটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূূ হয়নি। আমাদের কর্মসূচি চলবে।"
এদিকে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার দু'পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছে এবং সোমবারের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার হতে পারে।
রোববার সরকারের পক্ষ থেকে আর্থিক বিষয়সহ শ্রমিকদের 'যৌক্তিক' দাবিগুলো পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য শ্রম অধিদপ্তরের পরিচালককে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটিতে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরাও থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।
নতুন বেতন স্কেলসহ ২২ দফা দাবিতে শনিবার মধ্যরাত থেকে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন।
রোববার সকালে যাত্রীবাহী কোনো লঞ্চ ঢাকার সদরঘাট ছেড়ে যায়নি। চট্টগ্রাম বন্দরেও বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল। হাজার হাজার যাত্রী দীর্ঘসময় লঞ্চের জন্য অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি।
শ্রমিকদের দাবির মধ্যে আরো রয়েছে মেরিন আইনের সঠিক প্রয়োগ, মাস্টার চালকদের সার্টিফিকেট মেয়াদিকরণ ব্যবস্থা বাতিল, হয়রানি-নির্যাতন বন্ধ, নৌ-পথে ডাকাতি রোধ ইত্যাদি।
দাবি-দাওয়া নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে নৌসচিব আব্দুল মান্নান হাওলাদারের সঙ্গে বৈঠকে বসেন ফেডারেশনের নেতারা।
নৌ-পরিবহন মন্ত্রী রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, এ আন্দোলন মালিকপক্ষের বিরুদ্ধে। এ ক্ষেত্রে আমরা শুধুমাত্র আলোচনায় সমন্বয়কের ভূমিকা পালন করতে পারি। তবে এর পরও আমরা দু'পক্ষের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
মন্ত্রী আরও বলেন, "আগামীকাল সকালে আমরা আবার মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসার পর শ্রমিকদের সঙ্গে বসবো। সোমবারের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার হবে বলে আশা করছি।"
এর আগে বৈঠক চলার সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বাইরে এসে শ্রমিক নেতা চৌধুরী আশিকুল আলম বলেন, "সরকারের সঙ্গে দাবিগুলো নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে। এ বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলে ত্রি-পক্ষীয় বৈঠকে মালিক পক্ষকে আহ্বান করা হবে। সেখানে মালিক পক্ষের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এজন্য আরো বেশ সময় লাগবে। তবে সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।"
এর মিনিট দশেক পরই বৈঠক শেষ হয়।
এই ধর্মঘটের প্রতিবাদে সরকারি দল সমর্থিত বাংলাদেশ নৌ যান শ্রমিক লীগ সদরঘাটে বিকালে বিক্ষোভ মিছিল করে। পরে এক সমাবেশ হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কোতয়ালী থানার ওসি মো.সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কড়া পুলিশ প্রহরা রয়েছে।
সবাই যে যার অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।"
যাত্রীদের নিস্ফল অপেক্ষা
ধর্মঘট প্রত্যাহার হবে এবং গন্তব্যে যাওয়া যাবে এই আশায় হাজার হাজার যাত্রীকে সারাদিন সদরঘাট লঞ্চ টার্মিনালে অপেক্ষা করতে দেখা যায়। অনেকে সরকারি স্টিমার 'রকেটের' টিকিট কেটেও প্রচণ্ড ভিড়ের কারণে যেতে পারেননি।
রাত সাড়ে নয়টায় হুলারহাট ও সন্ধ্যা ৬ টায় দুটি সরকারি 'রকেট' স্টিমার খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
৬টার 'রকেটে' উঠতে না পেরে সাইফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, "সরকারের পক্ষ থেকে আরেকটি 'রকেট' স্টিমার দেবে এই আশায় বসে আছি।"
সদরঘাটে ধর্মঘট বিরোধী নৌ যান শ্রমিক লীগের নেতা কর্মীরা অবস্থান নেয়। ধর্মঘটি শ্রমিকদের দেখা যায়নি। পুলিশ জানায়, একটি বেসরকারি লঞ্চও টার্মিনালে না থাকাতেই ধর্মঘটি শ্রমিকরা ছিল না।
চাঁদপুরসহ কাছাকাছি গন্তব্যের কয়েকটি রুটের লঞ্চ সকালে ঢাকা সদরঘাট ছেড়ে যায়। দক্ষিণাঞ্চলের কয়েকটি লঞ্চ ছাড়ে বিকালে।
আগের রাতে দক্ষিণাঞ্চল ছেড়ে আসা আঁচল, রিয়াজ, পারাবত নামে বেশ কয়েকটি বেসরকারি কোম্পানির লঞ্চ সকালে যাত্রীদের নামিয়ে দিয়ে যায়। লঞ্চগুলো সদর ঘাটের ওপারে নোঙর করে ছিল।
এমভি রিয়াজের মাস্টার আসগর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে।"
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় কয়েকদিন আগে তারা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে। তবে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় ধর্মঘটের ব্যাপারে অনড় থাকেন তারা।
বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম ব্যুরো জানায়, ধর্মঘটের কারণে ছোট জাহাজ (লাইটারেজ জাহাজ) না চলায় বহির্নোঙরে থাকা বড় জাহাজগুলো থেকে পণ্য আনা ব্যাহত হচ্ছে।
বন্দরের বহির্নোঙরে ভেড়া বড় জাহাজগুলো থেকে পণ্য বন্দরে নিয়ে আসে ছোট নৌযানগুলো।
নৌ-যান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল থেকে কোনো লাইটার জাহাজ বর্হিনোঙরের মাদার ভেসেল থেকে পণ্য খালাস করেনি।"
বন্দর কর্মকর্তারা জানান, বর্তমানে বহির্নোঙরে ৪৮টি বড় জাহাজ পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.
bdnews24