২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শক্তিশালী ৮ টি বোমাসহ ২ চরমপন্থী গ্রেপ্তার

কুষ্টিয়ায় রোববার গভীর রাতে শক্তিশালী আটটি বোমাসহ নিষিদ্ধ চরমপন্থী বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 08:58 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় রোববার গভীর রাতে শক্তিশালী আটটি বোমাসহ নিষিদ্ধ চরমপন্থী বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাত পৌনে ১২টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার শান্তিডাঙ্গা চৌদ্দমাইল পাড়ার একটি কলাবাগান থেকে তাদের গ্রেপ্তার করে। এরা হলেন, ময়নউদ্দিন (৩৮) ও ইমদাদুল হক (৪৩)। ময়নউদ্দিনের কাছে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে বোমাগুলো পাওয়া যায়। আটক দুজন চরমপন্থী সংগঠন 'জাসদ গণবাহিনী'র ওবায়দুল ওরফে লাল গ্র"পের সদস্য এবং তারা বড় ধরনের কোন নাশকতার প্রস্তুতি নিচ্ছিলো বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। কুষ্টিয়া পুলিশের সহকারি সুপারিনটেনডেন্ট (হেডকোয়ার্টার) আলমগীর হোসেন রাত দুইটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরমপন্থী গণবাহিনীর সদস্যরা গোপন বৈঠক করছে সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই কলাবাগানে অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাত/আট জন পালিয়ে গেলেও এ দুজন ধরা পড়ে।" পুলিশ কর্মকর্তা আলমগীর জানান, উদ্ধার করা বোমাগুলো আকারে ককটেলের চেয়ে কিছুটা বড় এবং বিশেষ ধরনের কৌটায় তৈরি। সেগুলো বর্তমানে ডিবি কার্যালয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। রোববার র‌্যাবের বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষার পর বোমাগুলো কোন প্রকৃতির তা নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। আলমগীর হোসেন আরও বলেন, গ্রেপ্তারদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বড় ধরনের কোন নাশকতার চেষ্টায় সেখানে জড়ো হয়েছিলো কিনা খতিয়ে দেখা হচ্ছে। গত তিন মাসে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে চরমপন্থী-সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধে' এ পর্যন্ত ২৭জন নিহত হয়েছে। গত সোমবার রাতে পুলিশ কুষ্টিয়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা খান আঁখিসহ চারজনকে একটি একে-৪৭ রাইফেল, একটি শটগান ও ৮২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/০২৪৬ ঘ.