খুলনা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মনগড়া' আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে এবং জেলা আহবায়ক ও যুগ্ম আহবায়কের বহিষ্কার দাবিতে খুলনায় আগামী ১০ নভেম্বর অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, খুলনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মাজেদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক শরীফ শাহ কামাল তাজ ঢাকায় বসে নিজেদের পছন্দের লোকদের নিয়ে বুধবার আহবায়ক কমিটি গঠন করেছেন।
বৃহস্পতিবার কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই অভিযোগ তুলে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় জেলা আহবায়কের গঠন করা কমিটি প্রত্যাখ্যান করে নয়টি উপজেলা ও একটি পৌরসভায় নতুন কমিটি করা হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা আবুল কাশেমের সভাপতিত্বে সভায় মনির আহমেদ রানা, সৈয়দ শহিদুল্লাহ, সরদার আলাউদ্দিন মিঠু, মনিরুজ্জামান মামুন, এইচ এম শাহাবুদ্দিন, মনিরুল হাসান বাপ্পী, খান আলী মনসুর ও ইউনুস আলী মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
'বিদ্রোহীদের' গঠন করা কমিটিতে রূপসা উপজেলার আহবায়ক মো. মনির আহম্মেদ রানা, যুগ্ম আহবায়ক মনিরুল হাসান বাপ্পী, বটিয়াঘাটায় আহবায়ক মো. কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার আকন, দিঘলিয়ায় আহবায়ক সৈয়দ মো. শহিদুল্লাহ, যুগ্ম আহবায়ক শেখ পারভেজ সাজ্জাদ বাবলা, দাকোপে আহবায়ক দেব প্রসাদ গাইন, যুগ্ম আহবায়ক সরদার ফারুক আহমেদ, ডুমুরিয়ায় আহবায়ক খান আলী মনসুর, যুগ্ম আহবায়ক বদরুজ্জামান তফসির, ফুলতলায় আহবায়ক আলহাজ্ব কাজি আহসানুল হক, যুগ্ম আহবায়ক সরদার আলাউদ্দিন মিঠু, পাইকগাছায় আহবায়ক ডা. আব্দুল মজিদ, যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ, কয়রায় আহবায়ক এইচ এম শাহাবুদ্দিন, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মনসুর রহমান পাড়, তেরোখাদায় আহবায়ক ইমদাদুল হক নান্নু, যুগ্ম আহবায়ক মোল্লা মাহবুবুর রহমান এবং পাইকগাছা পৌরসভায় আহবায়ক গোলদার আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক মেছের আলী সানা।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মাজেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো মনগড়া কমিটি গঠন করা হয়নি। এর আগে জেলা বিএনপির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ওপর কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় কমিটি গঠন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24