ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নুর তাপসের ওপর বোমা হামলা মামলায় বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজা পাওয়া মেজর (অব.) বজলুল হুদার ভাইপো আতাউল হুদাকে ৪ দিনের আইনী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধু হত্যায় আরেক দণ্ডপ্রাপ্ত লে.কর্নেল (অব.) মহিউদ্দিনের দুই ছেলে মাহবুবুল হাসান এমরান ও নাজমুল হাসান সোহেল এবং ফ্রিডম পার্টি নেতা আব্দুর রহিমকে একদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আর নতুন আবেদন না থাকায় দুই দফা রিমান্ড শেষে বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজা পাওয়া মেজর ডালিমের ভাই কামরুল হক স্বপন ও ফ্রিডম পার্টি নেতা সফিউল্লাহ সপুকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকী এসব আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আক্তার হোসেন মেজর (অব.) বজলুল হুদার ভাইপো আতাউল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন এবং এমরান সোহেল ও রহিমের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন।
আতাউল হুদার রিমান্ড প্রতিবেদনে বলা হয় তিনি ২১ অক্টোবরের ওই ঘটনার পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পালিয়ে যান এবং সেখানে ফ্রিডম পার্টির নেতা কর্মীদের সঙ্গে সভা করেন। তাপসের ওপর বোমা হামলায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
আর কামরুল হক স্বপন ও সফিউল্লাহ সপুর পক্ষে আদালতে জামিন চাওয়া হলে হাকিম আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান নায়ক হিসেবে দণ্ড পাওয়া কর্নেল (অব.) খন্দকার আব্দুর রশীদের মেয়ে মেহনাজ রশীদ বর্তমানে রিমান্ডে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১২৬ঘ.
bdnews24