ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের ওপর হামলার বিষয়ে খন্দকার মেহনাজ রশিদকে আরও তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
পুলিশের আবেদনে ঢাকার ২ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী বুধবার এ অনুমতি দেন।
দুই দফায় নয় দিন জিজ্ঞাসাবাদের পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে মেহনাজকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ছয় দিন সময় চেয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার আকবর হোসেন।
তার আবেদনে বলা হয়, "তাপস হত্যা প্রচেষ্টায় জড়িত অন্যান্য আসামির সঙ্গে মেহনাজের বৈঠক করার সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এছাড়া '৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার গুরুত্বপূর্ণ তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে।"
মেহনাজকে জামিন দেওয়ার জন্য আবেদন জানান তার আইনজীবী আবু সেলিম চৌধুরী, হেলালউদ্দিন আহমেদ ও কাজী শফিকুর রহমান। তবে তা নাকচ করে আদালত।
গত ২৪ অক্টোবর মেহনাজকে গ্রেপ্তার করা হয়। তাপস হত্যাচেষ্টা মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির চার আসামির পাঁচ জন স্বজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১৮ অক্টোবর মতিঝিলে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন।
পরদিন তাপস মতিঝিল থানায় একটি মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও তাদের সহযোগীরা ওই হামলা চালিয়েছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তার বাবা ও মাকেও হত্যা করা হয়। তাপসের বাবা শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর ভাগ্নে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24