বরিশাল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো একবছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে বরিশালের জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার রায়পাশা-কড়াপুর এলাকার দিলীপ বেপারী, সুদাম বেপারী, সোহাগ বেপারী এবং জহুরুল।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে ২৪ এপ্রিল বিকাল ৪টায় আসামিরা রায়পাশা-কড়াপুর এলাকার গণেশ চন্দ্র বেপারীকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেন।
পরদিন গণেশের স্ত্রী শিখা রানী বাদী হয়ে দিলিপ, সুদান, সোহাগ, জহুরুল ও দীপংকরকে আসামি করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
ওই বছরের ৩০ জুলাই কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দীপংকরকে অব্যাহতি দিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৪ ঘ.
bdnews24