ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাদি বিদ্যুৎ বিলের মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন জানালেও হাকিম তা গ্রহণ করছেন না বলে অভিযোগ করা হয়েছে।
নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার ব্যবসায়ী হুমায়ুন কবীর চৌধুরী ঢাকার ৪ নম্বর বিদ্যুৎ আদালতের হাকিম জাকির হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে হুমায়ুন বলেন, মামলা প্রত্যাহারের বিষয়ে তার আইনজীবীর কাছে পেশকার মো. সেলিম বিপুল অঙ্কের টাকা ঘুষ দাবি করছেন।
অভিযোগে হুমায়ুন বলেন, ২০০২ সালের ১৩ অক্টোবর ভ্রাম্যমান বিদ্যুৎ আদালত অভিযানে গেলে হাকিমকে তার দোকানের কর্মচারীরা বিদ্যুৎ বিল পরিশোধের কাগজ দেখান। এর পরও তার বিরুদ্ধে তৎকালীন ডেসা কর্তৃপক্ষ (বর্তমানে ডিপিডিএসএল) বিল বকেয়ার মামলা করে। অথচ মামলার কোন সমন অথবা কোন নোটিশ দীর্ঘ সাত বছরেও অভিযুক্তের হাতে আসেনি।
হুমায়ুন জানান, চলতি বছরের এপ্রিল মাসে পুলিশের মাধ্যমে মামলার খবর জানতে পেরে তিনি ডেসার স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করে ২৩ হাজার ৩১ টাকা বিল পরিশোধের কাগজ দেখান। এর পর ডেসার পক্ষ থেকে গত ৭ জুন আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়।
এর পর প্রায় পাঁচ মাস পার হয়ে গেলেও মামলাটি প্রত্যাহারের ব্যাপারে এখনও হাকিম কোন আদেশ দেননি বলে হুমায়ুন জানান। এখন পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বার বার কর্মস্থলে হানা দিচ্ছে।
অভিযোগ সম্পর্কে পেশকার মো. সেলিমের কাছে টেলিফোনে জানতে চাইলে তিনি বলেন "অভিযুক্ত আদালতে হাজির না হলে কোন আদেশ দেওয়া হবে না।" তিনি ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করেন।
অন্যদিকে হুমায়ুন কবীর চৌধুরীর আইনজীবী পারভেজ সাজ্জাদ বলেন, বিদ্যুৎ আদালতে উৎকোচ না দিলে কোন কাজ হয় না শুনে তিনি তার মোয়াক্কেলকে ওই আদালতে হাজির করতে ভয় পাচ্ছেন।
পারভেজ সাজ্জাদ আরও জানান বিষয়টি তিনি ঢাকা আইনজীবী সমিতি, মুখ্য মহানগর হাকিম ও সুপ্রীম কোর্ট রেজিস্ট্রারকে লিখিত আবেদনের মাধ্যমে অবহিত করে বিচার চাইবেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮২৫ঘ.
bdnews24