ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায় নিষ্পত্তি হওয়ার পরপরই জেলহত্যা মামলার আপিলের আবেদনের শুনানির জন্য আদালতে আবেদন করবে সরকার।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার জায়গায় শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
তিনি বলেন, "বিগত সরকার এই মামলা ভিন্নখাতে প্রবাহিত করেছিল। তবে যা-ই হোক বঙ্গবন্ধু হত্যা মামলা নিষ্পত্তির পরপরই আমরা লিভ টু আপিলের শুনানির জন্য আবেদন করবো।"
কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার জায়গায় শ্রদ্ধা জানাতে এবং মিলাদ মহাফিলে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও যান। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান এবং পুলিশ কমিশনার একেএম শহিদুল হকও তার সঙ্গে ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বলেন, "আমরা ক্ষমতায় থাকলে প্রতিবারই শ্রদ্ধা জানাতে এখানে আসা হয়। এবারও শ্রদ্ধা জানানোর জন্যই আসা হয়েছে। আমাদের বাইরে কোনো সরকারই জাতীয় চার নেতার প্রতি কোনো শ্রদ্ধা জানায়নি।"
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কেন্দ্রীয় কারাগারে নির্মাণাধীন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভ আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে।
দিবসের কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের নেতারা ওই সময় উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের এ দিনে কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় চার জাতীয় নেতা
bdnews24