২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেএমবি নেতার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি

নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির দুই নেতার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির দুই নেতার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। জেএমবি প্রধান মাওলানা সাঈদুর রহমানের স্ত্রী নূরুন্নাহার হিমু এবং সাইদুরের শ্যালক জেএমবি'র অর্থ বিষয়ক উপদেষ্টা রুবেলের স্ত্রী আসমা মিনিকে মহিলা পুলিশ পরিদর্শকের সামনে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকী এ আদেশ দেন। সবুজবাগ থানার উপ-পরিদর্শক মুনীরুজ্জামান তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চান। একই বিচারক ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় নিষিদ্ধ হরকাতুল জিহাদ আল ইসলামীর সাবেক আমীর মাওলানা শেখ আব্দুস সালামকে ৬ দিনের সিআইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিন রিমান্ড চেয়েছিলেন। হিমু এবং মিনিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয় তারা জেএমবিকে সংগঠিত করার জন্য সারাদেশে অপতৎপরতা চালাচ্ছেন। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, বোমা বানানোর কৌশলের কাগজপত্র, সংগঠনের হিসাব খাতা, ২৫টি মোবাইল ফোন সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের সহযোগীদের গ্রেপ্তার ও কথিত জিহাদি তৎপরতা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০৪৮ঘ.