চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অনুপম ত্রিপুরা হত্যা মামলার রায়ে সাবেক চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ আসামিকে খালাস দিয়েছে আদালত।
সোমবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম এ রায় দেন।
মামলায় খালাসপ্রাপ্ত অন্যরা হলেন- খাগড়াছড়ির স্থানীয় ঠিকাদার ও বিএনপি নেতা মোশাররফ হোসেন, শান্তিপ্রিয় চাকমা, পরেন্দ্র লাল ত্রিপুরা, আউয়াল গাজী, মৃণাল চাকমা, হুমায়ুন কবীর ও কুলনাথ বৈষ্ণব।
রায় ঘোষণার সময় সব আসামি আদালতে হাজির ছিলেন।
গত বছরের ১১ জুলাই ঢাকার একটি আবাসিক হোটেলের কক্ষে অনুপম ত্রিপুরাকে মদের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আলপনা ত্রিপুরা ১৪ জুলাই বাদি হয়ে মনীন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষ্য প্রমাণ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক আসামিদের খালাস দিয়েছেন।
মামলার রায়ে অসন্তুষ্ট এ আইনজীবী বলেন, বিচারক তার রায়ে এ মামলার প্রতিবেদনের কিছু বিষয়ে তদন্ত কর্মকর্তা (আইও) খাগড়াছড়ি সদর থানার তৎকালীন ওসি রুহুল আমীন সিদ্দিকীর অতি উৎসাহ পরিলক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন।
এছাড়া এ মামলার তিন আসামি মোশাররফ, শান্তিপ্রিয় ও আউয়াল গাজী ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বলে তিনি জানান।
মামলার বাদি আলপনা ত্রিপুরা রায় নিয়ে কোনো মন্তব্য না করলেও উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
আইনজীবী আইয়ুব জানান, এ বছরের ২২ ফেব্র"য়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল, ১৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং ৪৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এইচএ/১৯০৫ ঘ.
bdnews24