ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর আগারগাঁওয়ে শুক্রবার সন্ত্রাসীরা এক যুবকের চোখ খুঁচিয়ে উপড়ে ফেলার চেষ্টা করেছে।
মো. শহীদুল (৩২) নামে ওই যুবকের এক চোখ পুরোপুরি এবং অন্যটি আংশিক নষ্ট হয়ে গেছে বলে পুলিশ চিকিৎসকদের উদ্ধৃত করে জানিয়েছে।
শহীদুল এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাজধানীর শেরে বাংলা নগর থানার ওসি রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদুল পুলিশকে জানিয়েছেন, কাজের সন্ধানে বৃহস্পতিবার তিনি মাদারীপুর থেকে ঢাকায় আসেন। পরদিন দুপুর দেড়টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পূর্বপরিচিত দু'জন তাকে থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারা শহীদুলের দু'চোখ উপড়ে ফেলারও চেষ্টা করে। কিন্তু তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ'লে গিয়ে শহীদুলকে উদ্ধার করে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি করে।
ওসি রিয়াজ বলেন, চোখে আঘাত ও প্রচুর রক্তক্ষরণের ফলে শহীদ বেশ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ঠিকমত কথা বলতে না পারায় ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীদের তিনি চিনেছেন। তারাও মাদারীপুরের বাসিন্দা। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/২২০১ঘ.
bdnews24