বাগেরহাট, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোল্লাহাট উপজেলা থেকে গ্রেপ্তার করা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য আকবর আলী ওরফে আল আমিনকে (২৪) জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে আকবরকে বাগেরহাটের মূখ্য বিচার বিভাগীয় হাকিম গাজী আব্দুর রহমানের আদালতে হাজির করে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ।
হাকিম গাজী আব্দুর রহমান পাঁচদিনের অনুমতি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মোল্লাহাট থানার উপ-পরিদর্শক এ এম মাহবুবুর।
তিনি জানান, আকবর বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে আছেন। তিনি জেএমবির খুলনা বিভাগের প্রধান ও শূরা সদস্য মেহেদী হাসান ওরফে আবির ওরফে তানভির ওরফে মুশফিকের সহযোগী।
মোল্লাহাটের সারুলিয়া গ্রাম থেকে সোমবার র্যাব-৬ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৭টি জিহাদি বই উদ্ধার করা হয়। তিনি গ্রামের ওহাব আলীর ছেলে।
মোল্লাহাট থানার ওসি জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারের পরদিন র্যাব-৬ এর সহকারী উপপরিচালক মো. আলাউদ্দিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে আকবরের বিরুদ্ধে মোল্লাহাট থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.
bdnews24