সিরাজগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপি ও আওয়ামী লীগ একই জায়গায় সমাবেশ ডাকায় বুধবার প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।
স্থানীয় ধানগড়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় এদিন বিকেলে উপজেলা বিএনপি ও আওয়ামী লীগ প্রতিবাদ-সমাবেশ ডাকে।
রায়গঞ্জ থানার ওসি শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পৌর বাসস্ট্যান্ড এলাকায় উভয় দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।"
গত সোমবার দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের নলছিয়া ওয়ার্ড বিএনপি'র কমিটি গঠন নিয়ে সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ নিয়ে একইদিন বিকেলে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।
পরে এর প্রতিবাদে উভয় দলই বুধবার বিকেলে পৌর বাসস্ট্যান্ডে প্রতিবাদ-সমাবেশের ডাক দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২৫৬ ঘ.
bdnews24