ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ থেকে ওষুধ ও সিরামিক পণ্য নেওয়ার জন্য জার্মানির ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা সফররত ওই দেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ আহবান জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
জার্মান এশিয়া প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পিটার ক্ল্যানসেনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলটি সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ঢাকায় জার্মানীর রাষ্ট্রদূত হোলগার মিখাইল উপস্থিত ছিলেন।
পরে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যাচ্ছে বলেও তারা মত প্রকাশ করেন।"
আজাদ জানান, জার্মান ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের প্রতি তাদের আগ্রহ দিন দিন বাড়ছে বলেও তারা মত প্রকাশ করেন।
তিনি আরও জানান, খনি থেকে কয়লা উত্তোলনে বিশেষ অভিজ্ঞতার কথা তুলে ধরে তারা বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তারা ঢাকা ও চট্টগ্রামে বিনিয়োগের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন।
জার্মান ব্যবসায়ীর নবায়নযোগ্য জ্বালানি, সৌর বিদ্যুৎ ও যোগাযোগসহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলেও জানান আবুল কালাম আজাদ।
তিনি বলেন, "তারা কৃষকদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের কৃষিব্যবস্থার উন্নয়নে সহায়তা করতে চান বলেও জানিয়েছেন।"
আজাদ জানান, বাংলাদেশ থেকে ইউরোপে জাহাজ রপ্তানি হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী জার্মান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। তিনি তাদের বলেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগের জন্য সরকার বিভিন্ন নীতি গ্রহণ করতে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান নদ-নদীগুলোকে ক্যাপিটাল ড্্েরজিংয়ের আওতায় আনা হয়েছে বলেও প্রধানমন্ত্রী তাদের জানান।
শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় জার্মানীর সহায়তার জন্য তাদের ধন্যবাদও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/১৮১৫ ঘ.
bdnews24