চাঁদপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন স্কিমের আওতায় বর্গাচাষীদের ঋণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
এই স্কিমের আওতায় দেশের পাঁচ লাখ বর্গাচাষীকে ঋণ দেওয়া হবে। এই কার্যক্রম তত্ত্বাবধান করবে বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাক।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামে বর্গাচাষী সমিতি গঠনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এই প্রকল্পের আওতায় দেশের ৩৫টি জেলার ১৬০টি উপজেলায় বর্গাচাষীদের মাঝে ঋণ বিতরণ করা হবে।
এর মধ্যে চাঁদপুর সদর, মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ উপজেলায় মোট ছয় হাজার বর্গাচাষীকে ঋণ দেওয়া হবে। সমিতি গঠনের মাধ্যমে বর্গাচাষীদের জনপ্রতি ৫ থেকে ২০ হাজার টাকা করে এই ঋণ দেওয়া হবে।
ঋণদান কার্যক্রম উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, "যুদ্ধ করে যে কৃষক দেশ স্বাধীন করেছে, তারা ঋণ পাবে না কেন? তাদেরকেই আমাদের সহায়তা করতে হবে।"
এই কার্যক্রমকে নতুন যুগের সূচনা বলে অভিহিত করে তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংক বর্গাচাষীদের ঋণদান কর্মসূচি শুরু করেছে। বর্গাচাষীদের মাঝে ঋণ বিতরণের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ জাগবে।"
সময়মত ঋণ পরিশোধ করলে বর্গাচাষীদের আগামীতে আরও বেশি ঋণ দেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংক প্রধান জানান।
অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের জানান, পুন:অর্থায়ন স্কিমের আওতায় বর্গাচাষীদের মাঝে ঋণ বিতরণের জন্য ব্র্যাককে পাঁচ থেকে ১০ শতাংশ সুদে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
ক্ষুদ্র কৃষক, বিশেষ করে যাদের অল্পকিছু জমি রয়েছে এবং অপরের জমি চাষ করে সেসব বর্গাচাষীরা এই ঋণ পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আফগানিস্তান ব্যাংকের গভর্নর আব্দুল কাদের ফিতরাত, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ভি কে শর্মা, নেপাল রাষ্ট্র ব্যাংকের ডেপুটি গভর্নর বীর বিক্রম রায়ামাঝি, স্টেট ব্যাংক অব পাকিস্তানের ডেপুটি গভর্নর মোহাম্মদ কামরান সিজাদসহ সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এবং ব্র্যাকের পরিচালক মাহবুব হোসেন।
ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর বর্গাচাষীদের মাঝে বীজ বিতরণ করা হয়। এরপর ব্র্যাক পপুলার থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক 'সুখের সন্ধানে'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24