২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের অবাধ ব্যবহার ঠেকাতে কঠোর হতে হবে: সাহারা

মাদকের ব্যবহার ঠেকাতে কঠোর হওয়ার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও সাংগঠনিক কাঠামোকে যুগোপযোগী করার জন্যে সরকার কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকের ব্যবহার ঠেকাতে কঠোর হওয়ার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও সাংগঠনিক কাঠামোকে যুগোপযোগী করার জন্যে সরকার কাজ করছে। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মাদকবিরোধী কার্যক্রম অবহিতকরণ ও বিভিন্ন এনজিওকে ক্রেস্ট দেওয়ার এক অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সাহারা খাতুন বলেন, "মাদক জাতীয় ওষুধ ও রাসায়নিক বস্তু নির্ধারিত বৈধ ক্ষেত্র ছাড়া যাতে ব্যবহৃত না হয় এবং কালোবাজারে আসতে না পারে সেজন্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা কঠোর করতে হবে।" এতে সরকার কোনও প্রভাব ও তৎপরতাকে প্রশ্রয় দেবে না বলে জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে সাহারা আরও বলেন, "আগামী প্রজন্মকে বাঁচাতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।" স্কুল পর্যায়ে পাঠ্যপুস্তকে মাদকবিরোধী বিষয় সংযোজন করা উচিত বলেও মত দেন তিনি। অনুষ্ঠানে মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ কার্যক্রমে সফলতার জন্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, কেয়ার বাংলাদেশ ও নতুন জীবন গড়ি এনজিওকে ক্রেস্ট দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এসকে/১৮৫০ঘ.