২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপার্টমেন্ট ভবন থেকে ৪০ লাখ টাকার গাড়ির যন্ত্রাংশ লুট

রাজধানীর গুরুত্বপূর্ণ সার্কিট হাউজ সড়কে একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে রোববার রাতে ডাকাতরা প্রায় ৪০ লাখ টাকা দামের গাড়ির যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর গুরুত্বপূর্ণ সার্কিট হাউজ সড়কে একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে রোববার রাতে ডাকাতরা প্রায় ৪০ লাখ টাকা দামের গাড়ির যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে। এটি একটি সংঘবদ্ধ দলের কাজ বলে পুলিশের ধারণা। পুলিশের ট্রাফিক কার্যালয়ের কাছেই ইস্টার্ন কর্নার নামের এই অ্যাপার্টমেন্ট ভবন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই নৈশ প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০/এ সার্কিট হাউজ সড়কের ওই অ্যাপার্টমেন্ট ভবনের পার্কিং এলাকায় একদল লোক ঢুকে অস্ত্রের মুখে চার নৈশ প্রহরীকে জিম্মি করে ৮টি গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। রমনা থানার উপ-পরিদর্শক শাহরিয়ার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় ডা. মোস্তাফিজুর রহমান নামে ফ্ল্যাটের এক বাসিন্দা সবার পক্ষে একটি দস্যুতা মামলা দায়ের করেছেন। মামলার বরাত দিয়ে শাহরিয়ার জানান, রোববার রাত ১২টার পর ৩/৪ জন লোক প্রাচীরের ওপরের কাঁটাতার কেটে ভেতরে ঢোকে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে নৈশ প্রহরীদের বেঁধে ফেলে। এরপর তারা পার্কিংয়ে থাকা ৮টি গাড়ির মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। যন্ত্রাংশগুলোর আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় আব্দুল মালেক এবং আতাউর রহমান নামে দুই নৈশ প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। পার্কিংয়ে প্রায় ২২টি গাড়ি থাকলেও ডাকাতরা শুধু নতুন মডেলের গাড়িগুলোর যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। ওসি জানান, রাজধানীতে একটি সন্ত্রাসী চক্র এসব ঘটনা ঘটাচ্ছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে দারোয়ান বা নৈশ প্রহরীরা চক্রটিকে সহায়তা করে থাকে। গ্রেপ্তারকৃত দু'জনকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২০৫৬ঘ.