ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাটিকে 'মিথ্যা ও বানোয়াট' বলে অভিহিত করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
একই সঙ্গে সরকারের এ রকম আচরণে ক্ষোভ প্রকাশ করে দেলোয়ার অবিলম্বে এই মিথ্যা মামলাটি প্রত্যাহারেরও দাবি জানান।
সোমবার সন্ধ্যায় তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করে।
দেলোয়ার বলেন, "এটি একটি মিথ্যা ও বানোয়াট মামলা। শুধু রাজনৈতিকভাবে হেয় করতে এটা করা হয়েছে। দেশের মানুষের কাছে আজ এটা পরিস্কার, বিএনপিকে নির্মূল করতে এভাবে নতুন করে আমাদের দলের নেতাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।"
একইভাবে বর্তমান সরকারের পূর্বসূরী তত্ত্বাবধায়ক সরকারও বিএনপি নেতাদের ভাবমূর্তি বিনষ্ট করার এ রকম কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "এভাবে মামলা-হামলা চালিয়ে বিএনপিকে দমানো যাবে না। নির্যাতন চালিয়ে আমাদের কণ্ঠ রোধ করা যাবে না। সরকার এ পথ পরিহার না করলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।''
তিনি অভিযোগ করেন, "বিএনপি আগে থেকেই বলে আসছিল, সরকার বিএনপিকে নির্মূল করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে এই মিথ্যা মামলার মাধ্যমে আমাদের আশঙ্কা আজ সত্য প্রমাণিত হয়েছে।"
আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো একের পর এক প্রত্যাহার করে নেওয়া হলেও বিরোধী দলের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার করা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, "আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ও মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি।
"তবে সরকারি দলের নেতাদের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ দুর্নীতির মামলাও তারা প্রত্যাহার করে নিয়েছে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২০৫৮ ঘ.
bdnews24