শরীয়তপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূয়া ঠিকানা ব্যবহার করে আনসার ও ভিডিপিতে ভর্তির অভিযোগে শরীয়তপুর কার্যালয় থেকে ১২ জনকে গ্রেপ্তারের ঘটনায় সোমবার আনসারের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে রোববার শরীয়তপুর জেলা আনসার ও ভিডিপি অ্যাডজুডেন্ট মো. ইউনুছ আলী খানকে প্রত্যাহার করে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
গ্রেপ্তারকৃতদের তিনদিনের জিজ্ঞাসাবাদের প্রথমদিন জঙ্গি সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
জিজ্ঞাসাবাদ করতে রোববার তাদের তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বরখাস্ত চারজন হলেন- শরীয়তপুর সদরের আনাসার ভিডিপি কর্মকর্তা মো. শাহজাহান, ডামুড্যা উপজেলা ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নড়িয়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর, জাজিরা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বাশার।
আনসার ও ভিডিপির ঢাকা অঞ্চলের কমান্ডার মো. ফিরোজ খান ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্য জেলা থেকে এসে ভর্তি হওয়া এবং শিক্ষার্থী যাচাই-বাছাইয়ে ব্যর্থ হওয়ার অভিযোগে আজ (সোমবার) আরও চার আনসার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
পালং (শরীয়তপুর সদর) থানার ওসি রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তের কাজ অব্যাহত রয়েছে। তবে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কারোর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24