চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় রোববার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
নিহত হাবিবুর রহমান (৩৫) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভোলামারী গ্রামের মো. ফিটুর ছেলে।
উপজেলার চকপাড়া সীমান্তে রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে কয়েকজন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিল। চকপাড়া সীমান্তের মেইন পিলার ১৮২ ও সাবপিলার ৩ এর কাছে পৌঁছানোর পর মালদা বিএসএফ ব্যাটালিয়ন শ্বশানী ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই হাবিবুর নিহত হন।"
বিএসএফ জওয়ানরা হাবিবুরের লাশ তাদের ক্যাম্পে নিয়ে গেছে।
নিহতের লাশ ফেরত এবং এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিআর'র পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও কর্নেল জায়েদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৬০৯ ঘ.
bdnews24