২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীকে প্রধান অতিথি করায় খেলা বর্জন

জামায়াতে ইসলামী'র আমির মতিউর রহমান নিজামীকে প্রধান অতিথি করায় পাবনার সাঁথিয়া উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্টের খেলা বর্জন করেছেন খেলোয়াড়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

পাবনা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী'র আমির মতিউর রহমান নিজামীকে প্রধান অতিথি করায় পাবনার সাঁথিয়া উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্টের খেলা বর্জন করেছেন খেলোয়াড়রা। এ কারণে সাঁথিয়া উপজেলা মাঠে রোববার পূর্ব নির্ধারিত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়নি। সাঁথিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, উপজেলার সোনালী অতীত নামের একটি সংগঠন এই টুর্নামেন্ট আয়োজন করে। এতে সাঁথিয়ার সোনাতলা শাপলা একাদশ এবং বেড়া উপজেলার বনানী সংঘ ফাইনালে ওঠে। তিনি বলেন, ফাইনাল খেলায় মতিউর রহমান নিজামীকে প্রধান অতিথি করায় দুই দলের খেলোয়াড়রা খেলা বর্জন করেন। ফলে খেলা আর হয়নি। খেলা দেখতে আসা দর্শকরা ফিরে যান। এর ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান। সাঁথিয়া উপজেলা জামায়াত আমির মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিজামীকে প্রধান অতিথি করায় খেলোয়াড়রা খেলেনি এই খবর অসত্য। একটি দল না আসায় খেলা হয়নি।" রাতে সাঁথিয়ার একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজামীকে প্রধান অতিথি করায় বনানী সংঘ খেলতে আসেনি। বনানী সংঘের সহসভাপতি মিজানুর রহমান মোল্লা বলেছেন, আয়োজকরা তাদের জানিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রধান অতিথি করা হবে। কিন্তু যখন 'যুদ্ধাপরাধী' নিজামীকে প্রধান অতিথি করে ফাইনালের পুরস্কার বিতরণের বিষয়ে মাইকিং করা হল তখন তারা খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে আয়োজক সংগঠন সোনালী অতীতের কারো সঙ্গে কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৮ ঘ.