২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুক্তরাজ্যের কারি শিল্পে পণ্য পাঠিয়ে লাভ করতে পারে বাংলাদেশ'

যুক্তরাজ্যে কারি শিল্পে পণ্য সরবরাহ করে বাংলাদেশ ব্যাপক লাভবান হতে পারে বলে মনে করেন এ শিল্প সংশ্লিষ্টরা। এ বিষয়ে কারি লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন, "ব্যাপক সম্ভাবনা রয়েছে...। রেস্তোরাঁয় যা যা প্রয়োজন সবই বাংলাদেশ থেকে যোগান দেওয়া সম্ভব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে কারি শিল্পে পণ্য সরবরাহ করে বাংলাদেশ ব্যাপক লাভবান হতে পারে বলে মনে করেন এ শিল্প সংশ্লিষ্টরা। এ বিষয়ে কারি লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন, "ব্যাপক সম্ভাবনা রয়েছে...। রেস্তোরাঁয় যা যা প্রয়োজন সবই বাংলাদেশ থেকে যোগান দেওয়া সম্ভব।" তবে বাণিজ্যের এ পথ খোলার জন্য সরকারের সহায়তা খুবই জরুরি বলে মনে করেন তিনি। যুক্তরাজ্যের কারি শিল্পের জন্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সুপারিশ করে নাহাস পাশা বলেন, এ ছাড়াও আধুনিক প্রযুক্তির মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বর্তমানে বেশিরভাগ সবজি, মসলা ও চালের যোগান ভারত থেকে আসছে। বাংলাদেশ থেকে শুধু চিংড়ি রপ্তানি করা হয় বলেও জানান তিনি। ১৮০৯ সালে সেন্ট্রাল লন্ডনের জর্জ স্ট্রিটে শেখ দীন মোহাম্মদ হিন্দস্তানী কফি হাউজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুক্তরাজ্যে কারি শিল্পের গোড়াপত্তন করেছিলেন। সে হিসেবে যুক্তরাজ্যে কারি ব্যবসা প্রতিষ্ঠার ২০০ বছর উদযাপিত হচ্ছে এ বছর। বর্তমানে যুক্তরাজ্যে ১২ হাজার রেস্তোরাঁর বেশিরভাগ মালিকই বাংলাদেশী। এ খাতের ব্যবসার পরিমাণ চার বিলিয়ন পাউন্ড স্টার্লিং। রোববার শেরাটন হোটেলে ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া 'টেস্ট অব ব্রিটেন কারি ফেস্ট'- উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এতে অংশ নিতে যুক্তরাজ্যের প্রথম সারির চারজন শেফ বাংলাদেশে এসেছেন। উৎসব পরিচালক সৈয়দ বেলাল আহমেদ জানান, ২০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এবার 'ফিউশন ফুড ফেস্টিভ্যালের পরিবর্তে' 'টেস্ট অব ব্রিটেন কারি ফেস্ট' নামে এই খাবারের উৎসবের আয়োজন করা হচ্ছে। ২০০৩ সালে প্রথম ঢাকায় খাবার উৎসব করা হয়েছিল। এবারের ফেস্টিভ্যালে খাবারের প্রথম আকর্ষণ হচ্ছে যুক্তরাজ্যের বার্মিংহাম এলাকার জনপ্রিয় এশিয় খাবার বাল্টি ক্যুজিন। সত্তর দশকের মাঝামাঝি সময়ে মোহাম্মদ আজিব নামের একজন রেস্তোরাঁ ব্যবসায়ী এ বাল্টি ক্যুজিন প্রবর্তন করেন। এ খাবারের জন্য প্রসিদ্ধ বার্মিংহাম নগরীর একটি এলাকার নাম 'বাল্টি ট্রায়াঙাল' করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বেলাল আহমেদ। মূলত 'বাল্টি কারি ডিস'কে ট্রেডমার্ক করার জন্য বার্মিংহ্যাম সিটি কাউন্সিল এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। নাহাস পাশা জানান, কারি লাইফ ম্যাগাজিনের উদ্যোগে গত ১২ অক্টোবর লন্ডনে কারি উৎসব আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কারি ব্যবসার উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশীদের সম্মাননা পদকও দেওয়া হয় বলে জানান তিনি। সোমবার সন্ধ্যা ৭টায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের ও ব্রিটিশ হাইকমিশনের হেড অব ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টম্যান্ট কেভিন রিংহ্যাম এই কারি উৎসবের উদ্বোধন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, কারি লাইফের পক্ষ থেকে ঢাকা শেরাটন হোটেলকে 'দ্য মোস্ট হসপিটাবল হোটেল বর রেসিডেন্ট বাংলাদেশী' হিসেবে যে সম্মাননা দেওয়া হয়েছে তা আনুষ্ঠানিকভাবে মন্ত্রী হস্তান্তর করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএইচ/২০১৩ ঘ.