ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের রায় অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় বন্ধ করার জন্য স্কয়ার ও অ্যাপোলো হাসপাতালকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ।
রোববার তিনি হাসপাতাল দু'টির কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান।
এতে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় বন্ধ করা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি নোটিশটির সঙ্গে হাইকোর্টের রায়ের অনুলিপিও সংযুক্ত করে দেন।
গত ১৪ জুলাই হাইকোর্ট রোগীদের কাছ থেকে চিকিৎসাপত্র, প্যাথলজিক্যাল টেস্ট ও সব রকম রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভ্যাট আদায় বেআইনি, সংবিধান পরিপন্থি ও অবৈধ ঘোষণা করেছিল।
আদালত রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকোর্ট সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।
সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা জনস্বার্থ রিট আবেদনে হাইকোর্ট ওই আদেশ দিয়েছিল।
অ্যাডভোকেট জুলহাস উদ্দিন আহম্মেদ, মো. আব্দুল বারী ও গোলাম মোস্তফা গত ১৫ ফেব্র"য়ারি রিটটি দায়ের করেন। তাদের পক্ষে শুনানি করেছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
মনজিল মোরশেদ শুনানিতে আদালতে যুক্তি দেখিয়েছিলেন, ১৯৯১ সালের ভ্যাট অধ্যাদেশের ৩ ধারা অনুযায়ী সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানকেই ভ্যাট পরিশোধ করতে হয়, রোগীকে নয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের পরও রোগীদের কাছ থেকে ভ্যাট (মূল্য সংযোজন কর) আদায় করায় মেডিনোভা, পপুলার, অ্যাপোলো, ইউনাইটেড, ইবনে সিনা হাসপাতালসহ ১৬টি প্রতিষ্ঠানকে উকিল নোটিশ দিয়েছিলেন মনজিল মোরশেদ।
তিন দিনের মধ্যে ভ্যাট আদায় বন্ধ করা না হলে ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলে ওই নোটিশে বলা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসএইচ/১৮৫৯ ঘ.
bdnews24