২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অস্ত্র-গুলিসহ 'চরমপন্থী' গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে শনিবার রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার চান্দু প্রামাণিক ওরফে মতিন ওরফে বাদশা বাগমারার বাজে গোয়ালকান্দি গ্রামের আয়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

রাজশাহী, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে শনিবার রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার চান্দু প্রামাণিক ওরফে মতিন ওরফে বাদশা বাগমারার বাজে গোয়ালকান্দি গ্রামের আয়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে। র‌্যাব কর্মকর্তারা জানান, চান্দু প্রামাণিক চরমপন্থী দলের সক্রিয় সদস্য। গত বছরের ২ মে বাগমারার তাহেরপুরে পুলিশ হত্যা এবং অস্ত্র লুটের মামলার পলাতক আসামি তিনি। তবে চান্দু কোন চরমপন্থী দলের সদস্য সেটা জানাননি র‌্যাব কর্মকর্তারা। রোববার বেলা ১১টায় রাজশাহী র‌্যাবের বিনোদপুর কার্যালয়ে চান্দুকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, চরমপন্থী দলের সদস্যরা নাশকতা চালানোর জন্য চন্দ্রপুর গ্রামের গোপন স্থানে অস্ত্রসহ জড়ো হয়েছে বলে র‌্যাব জানতে পারে। খবরের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাব সদস্যরা রাত দুইটার দিকে চন্দ্রপুর গ্রামের সরকারি দীঘির পাশে আহম্মদ মন্ডলের আম বাগানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব চান্দুকে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের ২ রাউন্ড তাজা গুলি, একটি মোবাইল, একটি টর্চ লাইট ও একটি ছোরা উদ্ধার করা হয় বলে কর্নেল মহিউদ্দীন জানান । র‌্যাব কর্মকর্তা জানান, পুলিশ হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে বাগমারা থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে চান্দুকে বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে র‌্যাব কর্মকর্তারা জানান। গত বছর বাগমারা উপজেলার তাহেরপুরে ওই হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং চার সদস্য আহত হন। চরমপন্থী দলের সদস্যরা সে সময় পুলিশের কাছ থেকে ৫টি অস্ত্র ছিনতাই করে। পরে তা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাহেরপুর পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ নাসির উদ্দিন বাদি হয়ে বাগমারা থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৯ ঘ.